প্রকাশিতঃ ১২ মার্চ ২০২১, প্রথম আলো
লিঙ্কঃ সব নির্যাতন ছাড়িয়ে ধর্ষণই বেশি

নারী নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে এক–তৃতীয়াংশই ধর্ষণের ঘটনা। সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার পরও এই অপরাধের লাগাম টানা যাচ্ছে না।
নারীর প্রতি সহিংসতার যতগুলো ধরন আছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো ধর্ষণ। দেশে নারী নির্যাতনের ক্ষেত্রে এই ধর্ষণ বা ধর্ষণচেষ্টার মতো অপরাধ অন্য অপরাধগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। পৃথক দুটি বেসরকারি সংস্থার গত দুই মাসের হিসাব এমন চিত্রই তুলে ধরছে।
দেশে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৫৬৭ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ২২৯ জন। এটা মোট নির্যাতনের ঘটনার ৪০ শতাংশ। ১৩টি জাতীয় পত্রিকায় প্রকাশিত এ–সংক্রান্ত খবর পর্যালোচনা করে বাংলাদেশ মহিলা পরিষদ এই তথ্য দিয়েছে। ধর্ষণের পরেই রয়েছে রহস্যজনক মৃত্যু, শারীরিক নির্যাতন, অপহরণ, যৌতুকের কারণে হত্যা ও নির্যাতন, আত্মহত্যা, বাল্যবিবাহ এবং অ্যাসিড সহিংসতার মতো ঘটনাগুলো।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, শুধু গত জানুয়ারি মাসে ১৩০টি নারী নির্যাতনের ঘটনার মধ্যে ধর্ষণের ঘটনাই ছিল ৮৪টি। ৯টি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবর এবং নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এমনটি বলছে তারা। তাদের হিসাবে জানুয়ারি মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনার ৬৪ শতাংশই ছিল ধর্ষণ। এই এক মাসে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে (আহত ও নিহত) ২০ দশমিক ৭ শতাংশ, যৌন হয়রানি ৩ দশমিক ৮ শতাংশ, অ্যাসিড সহিংসতা ছিল ১ দশমিক ৫ শতাংশ। বাকি অন্যান্য।
সামাজিক কাঠোমোর মধ্যে যেসব পরিবর্তন এলে ধর্ষণ কমত, সে পরিবর্তন আনা হয়নি বলেই ধর্ষণ বেড়ে চলছে।
-খন্দকার ফারজানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান













Visit Today : 1697
Visit Yesterday : 2712
Total Visit : 488293
Who's Online : 29