প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২১, বাংলা ট্রিবিউন
লিঙ্কঃ নৌ পুলিশের গুলিতে জেলে নিহতের ঘটনায় আসকের উদ্বেগ
জাটকা নিধন বিরোধী অভিযানে নৌ পুলিশের গুলিতে জেলে নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও দায়ীদের বিচার দাবি করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা নিধন বিরোধী অভিযান চলার সময় নৌ পুলিশের টহল দলের গুলিতে মাসুদ হোসেন (২২) নামে এক জেলে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ধরনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ পুলিশের একটি টহল দল ১৫ মার্চ নদীতে নামে। এ সময় মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ৫ সদস্যের একদল জেলে নদীর জাটকা নিধন করছিলেন। পুলিশ ধাওয়া করলে বিপরীত দিক থেকে জেলেরা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। এতে মাসুদ হোসেন নামের এক জেলে গুলিবিদ্ধ হন। পুলিশের পক্ষ থেকে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হলেও ইট-পাটকেলের বিপরীতে গুলি ছোড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন ও সালিশ কেন্দ্র মনে করে, এ ঘটনায় নিহত মাসুদ হোসেনের সংবিধান স্বীকৃত জীবনের অধিকার লঙ্ঘিত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।












Visit Today : 495
Visit Yesterday : 728
Total Visit : 388405
Who's Online : 5