১৮ অক্টোবর ২০২৬
শোকবার্তা
বিশিষ্ট মানবাধিকার কর্মী মোহাম্মদ টিপু সুলতানের মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর শোক
বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সাবেক সিনিয়র উপপরিচালক মোহাম্মদ টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
মোহাম্মদ টিপু সুলতান চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে সকাল ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
মোহাম্মদ টিপু সুলতান ১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ দুই যুগ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এর ইনভেস্টিগেশন ইউনিটে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি দেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় আসক এর বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। র্যাবের গুলিতে আহত কলেজছাত্র লিমন হোসেনের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় তিনি সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দেশের প্রান্তিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষা কার্যক্রম বিস্তৃত করা, স্থানীয় পর্যায়ে মানবাধিকারকর্মীদের নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবীদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নিরলস প্রচেষ্টা, নিষ্ঠা ও একাগ্রতায় দেশের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার কার্যক্রমের ভিত্তি সুদৃঢ় হয়। একজন দক্ষ মানবাধিকার প্রশিক্ষক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। মানবাধিকারকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সাহসী ভূমিকা ও অবদান আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের মানবাধিকার আন্দোলনে এক শূন্যতার সৃষ্টি হলো।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।












Visit Today : 1304
Visit Yesterday : 2164
Total Visit : 428324
Who's Online : 11