২৪ নভেম্বর ২০২৫
সংবাদ বিবৃতি
মানিকগঞ্জে বাউল শিল্পীকে গ্রেফতার ও প্রতিবাদ মানববন্ধনে হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর উদ্বেগ ও নিন্দা
মানিকগঞ্জে বাউল শিল্পীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে তার ভক্ত ও অনুরাগীদের আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে “তৌহিদি জনতা” পরিচয়ে একদল লোকের হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার ও গণজমায়েতে হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; বরং এটি সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ।
বাংলাদেশ সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংস্কৃতি চর্চার স্বাধীনতা সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। বাউল ঐতিহ্যসহ দেশের সকল সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ধারা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো গোষ্ঠীর মতাদর্শিক অবস্থান বা সামাজিক চাপের অজুহাতে শিল্প-সংস্কৃতির ওপর হামলা বা বাধা দেওয়ার প্রচেষ্টা আইন ও মানবাধিকারের পরিপন্থী।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) লক্ষ করছে যে, সম্প্রতি সময়ে বাউল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের উপর হুমকি ও হামলার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যকর ও সময়োপযোগী আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় দেশে শিল্প সংস্কৃতি বিরোধী গোষ্ঠী আরও উৎসাহিত হয়ে উঠছে এবংএকই সঙ্গে হামলার ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। চলমান এই প্রবণতা আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য গভীর হুমকি বলে প্রতীয়মান হচ্ছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, মানববন্ধনে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। একই সঙ্গে গ্রেফতার হওয়া বাউল শিল্পীর ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া, ন্যায়বিচার এবং স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। শিল্পী, সংস্কৃতি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলে আরও সংঘাত, সহিংসতা এবং সামাজিক অসহিষ্ণুতা বৃদ্ধি পেতে পারে।
মানবাধিকার, সাংস্কৃতিক স্বাধীনতা এবং আইনের শাসন রক্ষায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) তার অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং শান্তিপূর্ণ মতপ্রকাশ বা সাংস্কৃতিক চর্চার ওপর যেকোনো হামলা বা দমনমূলক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে।










Visit Today : 376
Visit Yesterday : 2001
Total Visit : 297790
Who's Online : 10