৫ অক্টোবর ২০২৬
সংবাদ বিবৃতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর উদ্বেগ
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলা, তাঁদের পেশাগত কাজে বাধা এবং পরবর্তীতে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আসক মনে করে, সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে সাংবাদিকদের বাধা দেওয়া, তাঁদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন শুধু তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। কোনো ঘটনা সম্পর্কে সংবাদ সংগ্রহ বা তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয় এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোতেও মতপ্রকাশ ও তথ্য গ্রহণ, অনুসন্ধান ও প্রচারের অধিকার স্বীকৃত। সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৯ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর)-এর ১৯ অনুচ্ছেদ এ অধিকারের সুরক্ষা নিশ্চিত করে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।













Visit Today : 927
Visit Yesterday : 2492
Total Visit : 392315
Who's Online : 3